কিশোরগঞ্জে ছেলে ও পুত্রবধূর মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে সদর উপজেলার চৌধুরীহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৬০)। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে ও তার স্ত্রী পলাতক বলে জানিয়েছে পুলিশ।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম ভুঁইয়া জানালেন, বাড়ির গাছের কাঁঠাল নিয়ে বুধবার সন্ধ্যায় রাজ্জাকের সঙ্গে তার ছেলে আলম মিয়া ও পুত্রবধূর কথাকাটাকাটি হয়। পরে তাকে ঘরের মেঝেতে ফেলে কিল-ঘুষি দেন আলম ও তার স্ত্রী। এতে অসুস্থ হয়ে পড়েন রাজ্জাক।
স্থানীয়রা কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী বলেছেন, ‘বিয়ে করার কিছুদিন পর থেকে ছেলে আলাদা বাসায় থাকে। বুধবার গাছ থেকে পাড়ার পর ছেলেকে কাঁঠাল দিয়েছি। নিজেদের জন্য দুটি কাঁঠাল রেখেছিলাম। ওই দুটো কাঁঠাল তাদেরকে দিতে হবে বলে দাবি জানায় আলম ও তার স্ত্রী। রাজি না হওয়ায় বিষয়টি নিয়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ঘরের ভেতরে এসে আমার স্বামীকে কিল-ঘুষি মারতে থাকে তারা। মারধরের কারণে আমার স্বামী মারা যান। আমি এ ঘটনার বিচার চাই।’
ওসি আবুল কালামের ভাষ্য, মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র -আগামীর সময়



