আবু হানিফ, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি কলেজে ভূগোল বিভাগের প্রভাষক মোঃ মাহবুবুল করিম এবং পরিসংখ্যান বিভাগের প্রভাষক মোঃ খায়রুল কবীর ভূঞার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় কলেজের আইসিটি ভবনের শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আবদুল্লাহ আল মনসুর এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাদেক আকন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ও বিদায় সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ আমজাদ হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী দুই প্রভাষকের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁদের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন। তাঁরা বলেন, মোঃ মাহবুবুল করিম ও মোঃ খায়রুল কবীর ভূঞা তাঁদের কর্মজীবনে শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকেননি, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, এ দুই শিক্ষক তাঁদের আন্তরিকতা ও মমত্ববোধের মাধ্যমে শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে এক বিশেষ স্থান করে নিয়েছেন, যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এ সময় তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী ভবিষ্যৎ কামনা করা হয়।
উল্লেখ্য, শিক্ষক পরিষদ, পাকুন্দিয়া সরকারি কলেজ এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।




