পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

হাওরে স্বামীকে ধান কাটায় সহযোগিতা করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

 


নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলে তলিয়ে যাওয়া পাকা ধান রক্ষায় স্বামীকে সহযোগিতা করতে গিয়ে খোকন বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।


বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত খোকন বেগম কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের জামাল মিয়ার স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরের বিস্তীর্ণ এলাকায় পাকা বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। জামাল মিয়ার কয়েক একর জমির ধানও পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়। শ্রমিক সংকটের কারণে তিনি দুই ছেলেকে নিয়ে কয়েকদিন ধরে ধান কাটছিলেন। এ অবস্থায় বুধবার সকাল থেকে প্রবল বৃষ্টির মধ্যেই স্বামীকে সহযোগিতা করতে মাঠে নামেন খোকন বেগম।

দিনভর বৃষ্টি ও ঠান্ডা বাতাসে কাজ করার একপর্যায়ে বিকেলে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে জমির পাশেই অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বামী জামাল মিয়া বলেন, ‘শ্রমিক না পাওয়ায় আমরা নিজেরাই ধান কাটছিলাম। আমার স্ত্রীও সাহায্য করতে আসে। বৃষ্টি আর ঠান্ডায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায়, পরে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, প্রচণ্ড বৃষ্টি ও ঠান্ডার মধ্যেই তিনি মাঠে কাজ করছিলেন। বিকেলে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।

খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম শোক প্রকাশ করে বলেন, ‘খোকন বেগমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।’

মৃত খোকন বেগমকে বৃহস্পতিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post