পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

জামায়াতের আইনজীবীরা মিথ্যা বলে না : শাহরিয়ার কবির



অনেকে মনে করেন আইনজীবীরা শুধু মিথ্যা কথা বলেন। এক সময় এই ধারণার কারণে জামায়াতে ইসলামীতে আইনজীবীদের নেওয়াই হতো না। এমনকি রুকনও করা হতো না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।


তিনি বলেন, “তবে এটি ছিল একটি ভ্রান্ত ধারণা, আর এই ভ্রান্তির জন্য আমরাই দায়ী। কারণ একসময় আমরা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্যে পরিণত করতাম। কিন্তু যারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে বিশ্বাস করে, তারা মৃত্যুর মুখেও মিথ্যা বলবে না।”


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর আইনজীবী শাখার উদ্যোগে সদ্য সনদপ্রাপ্ত নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, “আইনজীবী ও ডাক্তার—এই দুটি পেশা মানুষের জীবন বদলে দিতে পারে। মানুষ যখন বিপদে পড়ে, তখন তারা আপনাদের কাছে আসে। তাই এই পেশায় সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


আইনজীবী পেশার চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, “এই পেশার সবচেয়ে কঠিন দিক হলো—মানুষের কাছ থেকে পারিশ্রমিক নেওয়া, যেখানে মামলার শেষ কবে হবে তারও নিশ্চয়তা থাকে না। মাস শেষে টাকার প্রয়োজন হলেও কখনো অসৎ পরামর্শ দেওয়া যাবে না। কারণ উপার্জিত অর্থ হালাল না হলে তাতে বরকত থাকবে না।”


তিনি আরও বলেন, “ভালো আইনজীবী হতে হলে নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই। তবে শুধু পড়লেই হবে না, সঠিক কৌশলে পড়তে হবে। সিনিয়রদের কাছ থেকে শিখতে হবে কীভাবে দ্রুত প্রয়োজনীয় কেস খুঁজে বের করা যায় এবং আদালতে তা উপস্থাপন করা যায়। বিচারকদের সামনে প্রাসঙ্গিক নজির তুলে ধরতে পারলে তা খুবই কার্যকর হয়। সংক্ষেপে, আইনের বিশাল ভাণ্ডার থেকে সঠিক তথ্য খুঁজে বের করে তা যথাযথভাবে উপস্থাপন করার দক্ষতাই একজন সফল আইনজীবীর মূল চাবিকাঠি।”


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, ইবনে সিনা হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ এবং ল’ইয়ার্স কাউন্সিল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমানসহ আরও অনেকে।


কিশোরগঞ্জ জামায়াতে ইসলামীর আইনজীবী থানা শাখার সভাপতি অ্যাডভোকেট মু. মুসলেহ উদ্দীন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি অ্যাডভোকেট হাফিজ উদ্দিন।


Post a Comment

Previous Post Next Post