কিশোরগঞ্জে একটি ফিলিং স্টেশনে নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে আটক হয়েছেন এক কারারক্ষী। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে।
আটক কারারক্ষী শিহাব আহমেদ কিশোরগঞ্জ জেলা কারাগারে কর্মরত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিহাব আহমেদ নম্বরবিহীন একটি কালো মোটরসাইকেল নিয়ে চৌধুরী ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। সাধারণ বাইকাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করলেও কারারক্ষী সেই লাইন ডিঙিয়ে তেল নিতে থাকেন। এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বণ্টন কার্যক্রম মনিটরিং করছিলেন। মোটরসাইকেলটিতে কোনো রেজিস্ট্রেশন নম্বর না দেখে তিনি কারারক্ষীকে থামান এবং তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। এ সময় কারারক্ষী শিহাব আহমেদ মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
ইউএনও কামরুল হাসান মারুফ বলেন, আটক কারারক্ষীকে জেল সুপারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমাকে অবগত করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



