কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্বশত্রুতার জেরে সানি (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে প্রতিবেশী মফিজুলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সানি ওই গ্রামের কাতার প্রবাসী হাদিউল ইসলামের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত মফিজুলের দুই ভাই আজিজুল ও নজরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। তারা দু’জনেই একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে হিজলীয়া দক্ষিণ পাড়া মসজিদের পাশে মফিজুলের নেতৃত্বে কয়েকজন সানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় সানির চিৎকারে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, দুই থেকে তিন বছর আগে স্কুলের খেলা নিয়ে মফিজুলের সাথে সানির কথা-কাটাকাটি হয়েছিল। ওই সময় সানি মফিজুলকে একটি থাপ্পড় মারে। এছাড়া অন্য কোনো শত্রুতার কথা তাদের জানা নেই।




