অগ্রণী ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া শাখায় এক বয়স্ক নারী গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে চেকের মাধ্যমে ৯০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে অথচ ওই নারী ইহার কোন কিছুই জানেন না। গত ৮ মার্চ ওই টাকা উত্তোলন করা হয়।
ভুক্তভোগী ওই নারীর নাম সুফিয়া খাতুন (৬০)। তিনি উপজেলার জাংগালিয়া ইউনিয়নের তারাকান্দি পূর্বপাড়া গ্রামের মৃত ছাত্তার মিয়ার স্ত্রী।
ভুক্তভোগী জানান, তার ছেলে দীর্ঘ ১২ বছর যাবত সৌদি আরবে থাকেন। সেই সুবাদে বিদেশ থেকে নিয়মিত টাকা-পয়সা মায়ের হিসাব নম্বরে অর্থাৎ নিজের একাউন্টে পাঠাতেন। সম্প্রতি জমি ক্রয়ের জন্য ছেলে বিদেশ থেকে মায়ের একাউন্টে বেশ কিছু টাকা পাঠান। এতে তার একাউন্টে মোট টাকার পরিমান দাড়াঁয় ৯ লাখ ৩০ হাজার টাকা।
গত ৮মার্চ তিনি তার মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানতে পারেন তার একাউন্ট থেকে ৯০হাজার টাকা উত্তোলন করা হয়েছে। অথচ ইহার কোন কিছুই তিনি অবগত নন। পরদিন তিনি ব্যাংকে এসে এর কারন জানতে চান। ব্যাংক ম্যানেজার চেক করে দেখেন একটি চেকের মাধ্যমে এই টাকা উত্তোলন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে ওই নারীকে সান্তনা দেয়া হয়। কিন্তু এক সপ্তাহ যাবত ব্যাংকে ঘুড়াঘুড়ি করেও কোন প্রতিকার পাচ্ছেন না ওই নারী।
কান্না জড়িত কন্ঠে ওই বয়স্ক নারী জানান, পড়াশোনা না জানায় চেক বই লিখতে পারেন না। অন্যের সাহায্য নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। হটাৎ তার একাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাওয়ায় তিনি হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। দ্রুত টাকা ফেরত পাওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে অগ্রনী ব্যাংক (পিএলসি) পাকুন্দিয়া শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুল আলম জানান, এ বিষয়ে হেড অফিসকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। কে বা কারা এ কাজের সাথে জড়িত রয়েছে তা সিসি ফুটেজ দেখে সনাক্ত করার চেষ্টা অব্যহত রয়েছে। ভুক্তভোগীর টাকা ফেরত পাওয়ার ব্যাপারে শিগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: নরসুন্দা টাইমস্




