কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও উদীয়মান অ্যাথলেট জিদান জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে জেলার জন্য গৌরব বয়ে এনেছেন।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের আয়োজনে গত ৩ থেকে ৫ জুলাই ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬’-এ দেশের ৬৪ জেলা থেকে বাছাইকৃত অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকা বিভাগের সেরা অ্যাথলেটরা অংশ নেন।
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের তত্ত্বাবধানে জেলা দলের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন পাকুন্দিয়ার হোসেন্দী গ্রামের সালাহউদ্দিনের ছেলে জিদান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লং জাম্প ইভেন্টে অনূর্ধ্ব-১৬ বিভাগে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে তিনি সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন এবং ব্রোঞ্জ পদক লাভ করেন।
জিদানের এই সাফল্যে হোসেন্দী উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার এই অর্জনে শিক্ষক, সহপাঠী, ক্রীড়া সংগঠক ও স্থানীয় বাসিন্দারা অভিনন্দন জানিয়েছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ধারাবাহিক অনুশীলন ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে জিদান ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করে দেশের জন্য সম্মান বয়ে আনবে।




