কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পাটুয়াভাঙ্গা ইউনিয়ন উন্নয়ন ফোরামের আয়োজনে এবং রূপসা সমাজকল্যাণ প্রবাসী ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার (২৪ জুলাই) সকাল ৮টা থেকে রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
চিকিৎসা ক্যাম্পে ডেন্টাল সার্জন ডা. জিয়া উদ্দিন টিটু, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রাজিয়া সুলতানা স্বর্ণা এবং ডা. জুয়েল আহাম্মেদসহ একাধিক চিকিৎসক বিনামূল্যে রোগী দেখেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, মো. দিদার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে নানা বয়সী প্রায় শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।




