আবু হানিফ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গাঁজা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর এংরাজ মিয়া (৩০) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ডও করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার কোদালিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত এংরাজ মিয়া উপজেলার কোদালিয়া পূর্বপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন রকি জানান, এংরাজ মিয়ার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। এছাড়া বৃহস্পতিবার দুপুরে কোদালিয়া পূর্বপাড়ার একটি রাস্তার পাশে তিনি গাঁজা সেবন করছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে হাতেনাতে আটক করে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এংরাজ মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন, “মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



