কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে ঢুকে পড়ে দুই কিশোর গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দগদগা ইসলামীয়া কিন্ডারগার্টেন সংলগ্ন পাকুন্দিয়া-হোসেনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার আলী আহমেদের ছেলে চমক (১৯) এবং পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের হযরত আলীর ছেলে হাফসান (১৭)। আহতদের মধ্যে চমকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাফসানকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চমক ঢাকার রূপগঞ্জ থেকে বন্ধু হাফসানের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার দুপুরে তারা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথে দগদগা ইসলামীয়া কিন্ডারগার্টেন সংলগ্ন এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গর্তে ঢুকে যায়।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক চমক মাথায় গুরুতর আঘাত পান। অপরদিকে হাফসানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর হাসান ঝিকু পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন, আহত চমকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর আহত হাফসানকে তার পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।




