কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শিক্ষার্থী মো. মারুফ উজ্জামান আন্তর্জাতিক পর্যায়ের International Star Kids Award 2026 প্রতিযোগিতায় পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন বিভাগে ‘রাইজিং স্টার’ খেতাব অর্জন করেছেন।
সে গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী এবং পাকুন্দিয়া উপজেলার ছেত্রাখালি গ্রামের মোহাম্মদ কামরুজ্জামানের ছেলে।
বিশ্বের ২৩টিরও বেশি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও হন্ডুরাসসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেন। আন্তর্জাতিক এ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে কৃতিত্বের সঙ্গে বিজয় অর্জন করেন মারুফ উজ্জামান।
এর আগে তিনি জাতীয় পর্যায়ের বিভিন্ন টেলিভিশন বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক সাফল্য অর্জন করেছেন এবং একজন দক্ষ বক্তা ও উপস্থাপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
মারুফ উজ্জামানের এ অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। আন্তর্জাতিক এ সম্মাননা কিশোরগঞ্জের পাশাপাশি সমগ্র বাংলাদেশের জন্যও গৌরবের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




