কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যুবকদের মাঝে খেলাধুলার সামগ্রী ও জার্সি বিতরণ করা হয়েছে। সৌদি প্রবাসী মোঃ ইমাম হোসনের সৌজন্যে বৃহস্পতিবার (২১ মে) বিকেলে পাটুয়াভাঙ্গা পাঁচলগোটা আলিম মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাটুয়াভাঙ্গা পাঁচলগোটা, জড়িরপাড়, পাড়িয়াপাড়া, শিমুলিয়া ও বন্দিগাহ এলাকার যুবকরা অংশগ্রহণ করেন। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিজি ডেন্টাল হাসপাতালের পরিচালক ও ডেন্টাল সার্জন ডাঃ জিয়া উদ্দিন টিটু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, হাসান ইংলিশ একাডেমির পরিচালক মেহেদী হাসান, মাওলানা হাবিবুল্লাহ ও কামাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের ৯ নম্বর ওয়ার্ড সেক্রেটারি জাহাঙ্গীর আলম, তালহা, হাবিবুর রহমান, রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, “আজকের যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হয়ে ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে।” তারা আরও বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।



