কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন একটি গেট ধসে পড়ে এক রডমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাসেল মিয়া (২৫) সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। আহতরা হলেন একই গ্রামের দুলাল মিয়ার ছেলে হাসান মিয়া (২২), মারিয়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে আলী স্বপন (৩৫) এবং করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. রানা (২৬)।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিসিক শিল্প নগরীর মূল ফটকের নির্মাণকাজে ১৫ থেকে ২০ জন শ্রমিক কাজ করছিলেন। বিকেলে বৃষ্টির পর ফটকের ছাদের ঢালাই চলার সময় সেন্টারিং দুর্বল থাকায় তা ভার নিতে না পেরে হঠাৎ ধসে পড়ে। এতে রাসেল মিয়াসহ চার শ্রমিক গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মিয়াকে মৃত ঘোষণা করা হয়। আহত অন্যদের চিকিৎসা চলছে।




