রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন একটি বাড়ির পুরনো সীমানা প্রাচীর ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মালোয়াদি গ্রামের রডমিস্ত্রি মো. শরিফের পাঁচ বছর বয়সী মেয়ে নুসরাত।
স্থানীয়রা আহত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে বেলা পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অপর নিহত শিশু ১২ বছর বয়সী আয়েশা মনি। সে কুমিল্লার বরুড়া উপজেলার ইয়াফেদি গ্রামের রংমিস্ত্রি মো. ইকবালের মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে উত্তর বাড্ডার পূর্বাঞ্চলে বসবাস করত। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে আয়েশা ছিল দ্বিতীয় এবং স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নুসরাত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মালোয়াদি গ্রামের রডমিস্ত্রি মো. শরিফের মেয়ে। পরিবারসহ সে উত্তর বাড্ডার পূর্বাঞ্চলে আয়েশার বাবা ইকবালের বাড়িতে ভাড়া থাকত।
নিহত আয়েশার বাবা মো. ইকবাল জানান, সকালে তার মেয়ে আয়েশা ও নুসরাত বাসার পাশে খেলাধুলা করছিল। পাশেই একটি বাড়ির নির্মাণকাজ চলছিল। এ সময় ওই বাড়ির পুরনো বাউন্ডারি দেয়াল ধসে পড়ে দুই শিশুর ওপর। এতে তারা গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন বাড়ির পুরনো দেয়াল ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও তা আগে ভেঙে না ফেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।




