পাকুন্দিয়া পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান, মূল্য ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বাজারের যানযট নিরসনের লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর বাজার মনিটরিং করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
বুধবার (১১ মার্চ) দুপুরে পৌর সদর বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন ও ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিনি প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাজারমূল্য নিয়ে ক্রেতা ও দোকান মালিকদের সাথে কথা বলেন।
এসময় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান, ওসি তদন্ত মোবারক হোসেন, বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযানকালে মেসার্স রাফা ফিলিং স্টেশন কে লাইসেন্স নবায়ন না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। অভিযানকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে কয়েক জনকে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে কেউ যদি নিত্যপণ্যের অতিরিক্ত মূল্য নেয়, কৃত্রিম সংকট তৈরি করে। তাহলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।’
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিটি পণ্যের দোকানে মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। বাজারে কোনো পণ্যের কৃত্রিম সঙ্কট তৈরি করে অতিরিক্ত মুনাফা আদায় করা যাবে না।’




