সৌদি আরবের আল খারিজ শহরে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পশ্চিম ফেকামারা গ্রামের প্রবাসী বাচ্চু মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে আল খারিজের স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।
কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে মক্কা প্রবাসী ইমরান হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জানাজা ও দাফন অনুষ্ঠানে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতসহ লেবার উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরের আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া (৩৯) নিহত হন।
এদিকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিহত বাচ্চু মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।
.jpg)



