কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৫০নং পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ঘোষিত পাঁচ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের নির্দেশনায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করেন ৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা শিক্ষা অফিসার আমিনুল হক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে ঘোষিত পাঁচ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং এমপি অ্যাডভোকেট জালাল উদ্দিনের নির্দেশনায় পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।




