পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় মাদক সেবন ও মা-বাবাকে নির্যাতন: যুবকের ৬ মাসের কারাদণ্ড

 


আবু হানিফ:কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবন করে দীর্ঘদিন ধরে মা-বাবাকে মারধর ও ঘরবাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগে সজিব (২০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কোষাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সজিব ওই গ্রামের কাঞ্চন ও ঝর্ণা বেগম দম্পতির ছেলে।

পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন রকি জানান, সজিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে নিয়মিত মা-বাবার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। মাদক কেনার জন্য টাকা না পেলে তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি করতেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়িতে মাদক সেবন ও ভাঙচুররত অবস্থায় আটক করে।

পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাসের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস বলেন, মাদক সেবন করে পিতামাতাকে নির্যাতন ও জনশৃঙ্খলা বিঘ্নিত করায় আইন অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post