কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবন ও ইয়াবা ক্রয়-বিক্রয়ের অপরাধে সালমান (২৩) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সালমান উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ষাইটকাহন গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন এবং তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় জনতা সালমানকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার বিরুদ্ধে মাদক সেবন ও মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পাকুন্দিয়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



