কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম-সংবলিত ফলক পুনঃস্থাপন করা হয়েছে।
শনিবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফলকটি পুনঃস্থাপন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা স্টেডিয়াম এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মাসুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি খুবসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০১ সালে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়াম প্রতিষ্ঠার সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম-সংবলিত একটি স্মারক ফলক স্থাপন করা হয়েছিল। স্থানীয়দের দাবি, পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে ফলকটি অপসারণ বা ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন পর পুনরায় সেই ফলক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
পুনঃস্থাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরগঞ্জ জেলা স্টেডিয়াম প্রতিষ্ঠায় তৎকালীন সরকারের অবদান ইতিহাসের অংশ। সেই অবদান স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতেই নামফলকটি পুনঃস্থাপন করা হয়েছে।
তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিহাস মুছে ফেলার সংস্কৃতি কখনোই কাম্য নয়। বরং দেশের উন্নয়ন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পেছনে যাদের অবদান রয়েছে, তাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
বক্তারা আরও বলেন, কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গনের বিকাশে জেলা স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের ঐতিহাসিক স্থাপনা ও স্মারক সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক বার্তা বহন করবে। তারা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে এমন উদ্যোগকে সাধুবাদ জানান।




