পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

সৌদিতে মিসাইল হামলায় নিহত বাচ্চু মিয়ার বাড়িতে মন্ত্রী আরিফুল হক


সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়ার বাড়িতে সরকারি সহায়তা নিয়ে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।


মঙ্গলবার (১৭ মার্চ) মাগরিবের পর জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে নিহতের বাড়িতে সরকারি সহায়তা পৌঁছে দেন তিনি। এ সময় মন্ত্রী পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকাহত পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। এ সময় নিহত বাচ্চু মিয়ার মা ফাতেমা বেগম ও স্ত্রী জোছনা নিহতের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।


মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিহত বাচ্চু মিয়ার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমরা আপাতত এই পরিবার ও তিন ছেলেমেয়ের জন্য একটি আর্থিক সহায়তা প্রদান করেছি। এটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা। ফ্লাইট শিডিউল পাওয়া গেলে শীঘ্রই মরদেহ দেশে পৌঁছাবে।”


মন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট দেশ থেকে ক্ষতিপূরণ পাওয়া গেলে তা পরিবারের নিকট হস্তান্তর করা হবে। পাশাপাশি নিহত বাচ্চু মিয়ার ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট ভাতা দেবে সরকার এবং পরিবারটিকে স্থায়ী সরকারি ভাতার আওতায় আনা হবে। তাদের জন্য দ্রুত বাসস্থানের ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি।


প্রবাসীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ—আমেরিকার স্থাপনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন মেনে চলবেন।” তিনি ফেসবুকে হামলার ছবি ও ভিডিও প্রচার না করার আহ্বান জানিয়ে বলেন, সরকার প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সব দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।


এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, কিশোরগঞ্জের জেলা প্রশাসক আসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, সহকারী কমিশনার (ভূমি) লাবণী আক্তার তারানা, কটিয়াদী থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন প্রমুখ।


উল্লেখ্য, গত ৮ মার্চ (রবিবার) সৌদি স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে কিশোরগঞ্জের বাচ্চু মিয়াসহ দুইজন বাংলাদেশি নিহত হন। অপরজনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ক্যাম্পটির কাছাকাছি অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই মিসাইল হামলা চালানো হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post