কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে রমিজ উদ্দীন নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোরে উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। পরে ওই রাতেই অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ চরটেকী গ্রাম থেকে শাকিল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
শাকিল ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। তাকে শনিবার (৭ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে এক যুবক একটি ষাঁড় গরু নিয়ে উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সেখানে ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য সিসি ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের সন্দেহ হলে তারা গরুসহ ওই ব্যক্তিকে আটক করেন।
পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে মারধর শুরু করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা হযরত আলী বাদী হয়ে শুক্রবার রাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘এ ধরনের সহিংস ও মর্মান্তিক ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
সুত্রঃ কালের কণ্ঠ
.jpg)



