কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে দক্ষিণ চরটেকী গ্রাম। গত এক সপ্তাহ ধরে গ্রামটির পুরুষ সদস্যরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
গত ৬ মার্চ ভোরে দক্ষিণ চরটেকী গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের কাজ করা শ্রমিকরা এক ব্যক্তিকে গরুসহ আটক করেন। চোর সন্দেহে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রমজ উদ্দিন (৪০) উপজেলার আলগীরচর গ্রামের হযরত আলীর ছেলে।
এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে শাকিল নামের এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। এরপর থেকেই গ্রেফতার আতঙ্কে গ্রামের পুরুষরা এলাকা ছেড়েছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম জানান, মামলায় অজ্ঞাতনামা আসামি থাকায় নিরীহ মানুষরা হয়রানির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এই গ্রামের অধিকাংশ মানুষ সবজি চাষি। পুরুষরা না থাকায় ক্ষেতেই সবজি নষ্ট হচ্ছে এবং বাজারে নিতে না পারায় কৃষকরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। তিনি এই পরিস্থিতির সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ভিডিও ফুটেজ দেখে প্রকৃত জড়িতদের তালিকা করা হয়েছে এবং সেই অনুযায়ী অভিযান চালানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত নয় এমন কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি বা গ্রেফতার করা হবে না।
সূত্র: ইনকিলাব অনলাইন




