আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য পাকুন্দিয়া উপজেলার তিন হাজার ৮১৬ জন প্রবাসী ভোটার চূড়ান্ত অনুমোদন পায়। উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আবেদন করে এসব প্রবাসী ভোটার অনুমোদন পান। অনুমোদিত ভোটারদের মধ্যে পুরুষ তিন হাজার ১২৭ জন এবং নারী ৬৮৯ জন।
বিধি অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসী ভোটারদের অবস্থানরত দেশের সচল মোবাইল নম্বর ব্যবহার করতে হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. জাকির হোসেন জানান, অনুমোদিত প্রবাসী ভোটাররা তাঁদের ব্যালটে ভোট প্রদান শেষে তা ডাকযোগে বা নির্ধারিত মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন। রিটার্নিং অফিসার যাচাই-বাছাই শেষে ব্যালটগুলো সময়মতো কেন্দ্রভিত্তিক প্রিজাইডিং অফিসারদের কাছে পৌঁছে দেবেন। নির্বাচন কমিশনের এ ডিজিটাল উদ্যোগের ফলে পাকুন্দিয়ায় বিপুলসংখ্যক প্রবাসী প্রথমবারের মতো বিদেশে থেকেই জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
-সূত্রঃ কালের কণ্ঠ




