কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার টেঁটার আঘাতে মাহমুদুর রহমান কামাল (৫৫) নামে এক চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ হামলার ঘটনায় নিহতের ছেলে গুরুতর আহত হয়েছে বলেও জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় রাজধানীর ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাহমুদুর রহমান কামাল উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি মেম্বার।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামে দীর্ঘদিন যাবত নিহত মাহমুদুর রহমান কামাল মেম্বারের সাথে তার বড় ভাই ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক জালাল উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার উভয়ের মধ্যে বিবাদ হলেও সমাধান হয়নি৷ এনিয়ে বৃহস্পতিবার সকালে জমির নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় একপর্যায়ে জালাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন সিদ্দিক তার চাচা মাহমুদুর রহমান কামালের মাথার এক পাশে এবং তাঁর ছেলে কাকনের হাতে টেঁটার আঘাত করে। এতে দুজনেই মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে বৃহস্পতিবার সন্ধার পর চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুর রহমান কামালের মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হাবিবুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধে ভাতিজা সাদ্দাম হোসেন সিদ্দিকের টেঁটার আঘাতে চাচা মাহমুদুর রহমান কামাল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুর রহমান কামালের মৃত্যু হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।




